সারাদেশে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে: দুদক
বিশেষ প্রতিবেদক: সারাদেশে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান।
পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতিসহ নানা ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের সার্বিক ব্যবস্থার সমালোচনা করে দুদক চেয়ারম্যান মন্তব্য করেন, চিকিৎসকের অনুপস্থিতি, রোগীদের সেবা পেতে ভোগান্তি এবং জরুরি বিভাগে চিকিৎসক আছেন কি না তা বোঝার উপায় না থাকায় চিকিৎসাসেবার বেহাল অবস্থা তৈরি হয়েছে।
এর আগে বেলা ১২টার দিকে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের একটি দল হাসপাতালটিতে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার এই পরিদর্শনে জরুরি বিভাগসহ হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন তাঁরা। এ সময় ভর্তি থাকা রোগী ও সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছ থেকে সরাসরি হয়রানির নানা অভিযোগ শোনেন কমিশনের সদস্যরা।
দুদক সূত্রে জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সেবাপ্রত্যাশীদের হয়রানির সত্যতা ও বাস্তব চিত্র জানতেই এ আকস্মিক পরিদর্শন পরিচালিত হয়।
এআইএল/সকালবেলা