প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ-চীনের মধ্যে বড় সমঝোতা সই
কৌশলগত অর্থনৈতিক সমৃদ্ধি এবং জাতীয় অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের বাণিজ্য প্রতিনিধিদলের মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে বাগেরহাটের মোংলায় ‘ইনভেস্ট বাংলাদেশ’ এবং চীনের অন্যতম বৃহৎ প্রকৌশল ও অবকাঠামোগত সংস্থা ‘চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন’ (CRCC)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারক সই হয়।
বাংলাদেশ সরকারের বিনিয়োগ বৃদ্ধি সংস্থা ইনভেস্ট বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সম্মানীয় সদস্য সালেহ আহমেদ এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের (CCECC) পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সম্মানিত চেয়ারম্যান লি চংইয়াং।
সমঝোতা স্মারক স্বাক্ষরকালে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির গ্লোবাল চেয়ারম্যান দাই হেগেন সহ উভয় দেশের উচ্চপদস্থ সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিরা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
উক্ত দ্বিপক্ষীয় চুক্তির আওতায় বাংলাদেশে মেগা পরিবহন নেটওয়ার্ক, মোংলা ও আধুনিক লজিস্টিকস হাব, রফতানিমুখী ভারী শিল্প, টেকসই জ্বালানি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং কারিগরি দক্ষতা উন্নয়নে বহুমুখী চায়নিজ বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র তৈরি হবে।
অনুষ্ঠানে চুক্তি সম্পাদন পর্যবেক্ষণ শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা শীর্ষ প্রতিনিধিদলের সাথে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও নতুন বিনিয়োগ বাস্তবায়ন নিয়ে এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় মিলিত হন।
এর আগে আজ সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে সরকারি সফরে বাগেরহাটের মোংলায় অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের পরবর্তী কর্মসূচিতে মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুটি কনটেইনার জেটি নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।