সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
মাসুম বিল্লাহ (বাগেরহাট জেলা প্রতিনিধি): শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে কলকাঠি নেড়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো সাধারণ শ্রমজীবী মানুষ কখনোই শিল্পকারখানার ক্ষতি করতে পারেন না, অথচ একটি মহল কলকারখানায় ভাঙচুর চালিয়ে শিল্পপ্রতিষ্ঠান ধ্বংসের পায়তারা করছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ১৫-১৬ বছরে দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করা হয়নি; বরং জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। আজ গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারাই মূলত সীমান্তের ওপার থেকে নানা ষড়যন্ত্রের ছক কষে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক ভাই-বোনদের যৌক্তিক দাবি-দাওয়া সম্পর্কে সরকার পুরোপুরি অবগত রয়েছে। এসব দাবি বিবেচনা ও পর্যালোচনার জন্য ইতিমধ্যে সরকার মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ড কাজও শুরু করে দিয়েছে। আশা করা যায়, আগামী এক থেকে দুই মাসের মধ্যে নতুন নিম্নতম মজুরি নির্ধারিত হবে, যা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
বাগেরহাট জেলা বিএনপির নেতা ব্যারিস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, জেলা বিএনপি নেতা সোমনাথ দে ও কপিল কৃষ্ণ মণ্ডলসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।
পথসভা শেষে প্রধানমন্ত্রী ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এআইএল/সকালবেলা