কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার রায় পেছাল

প্রকাশ: বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার রায় পেছাল

বি এম ফয়সাল (কুমিল্লা বিশ্ববিদ্যালয়): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথী (২৩) ও তাঁর মা তাহমিনা বেগম (৫২) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। 

পূর্বনির্ধারিত তারিখ বৃহস্পতিবার (৫ নভেম্বর) হলেও তা পিছিয়ে আগামী বুধবার (১১ নভেম্বর) রায়ের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রায় পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সুমাইয়ার ভাই আল-আমিন।

এর আগে গত ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পর আদালত রায় ঘোষণার জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছিলেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল হোসাইন জানান, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তাঁর মা তাহমিনা বেগমকে নির্মমভাবে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর পুলিশ গৃহপরিচারিকা ও স্থানীয়দের সহযোগিতায় ওই বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করে। ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত মো. মোবারক হোসেনকে (২৯) গ্রেপ্তার করে।

পরবর্তীতে ৯ সেপ্টেম্বর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি মোবারক ঝাড়ফুঁকের সূত্রে পরিচয়ের সুযোগ নিয়ে সুমাইয়াকে ধর্ষণ ও ঘটনাটি দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার কথা স্বীকার করেন।

এআইএল/সকালবেলা