মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম: জনজীবনে চরম দুর্ভোগ

মৌসুমি বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম: জনজীবনে চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মৌসুমের প্রথম ভারি বৃষ্টিতেই পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ নিচু এলাকা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা প্রবল বৃষ্টিতে নগরীর সড়ক-মহাড়ক ও অলিগলিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি আবার কোথাও বুক সমান পানি জমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, নগরের জিইসি মোড়, কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, মুরাদপুর ও আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতার কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকার খবর পাওয়া গেছে। এমনকি মেহেদীবাগের মতো এলাকা, যেখানে সাধারণত পানি ওঠে না, সেখানেও এবার সড়ক তলিয়ে গেছে। জহুর হকার্স মার্কেটে পানির তোড়ে দোকানের মালামাল ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে এবং হালিশহরের সড়কগুলো যেন নদীতে পরিণত হয়েছে।

এদিকে, জলাবদ্ধ নগরীর বিভিন্ন এলাকা ঘুরে পানি নিষ্কাশন ব্যবস্থা তদারকি করতে দেখা গেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে। স্থানীয়দের অভিযোগ, খাল-নালা ভরাট থাকা এবং ময়লা-আবর্জনায় ড্রেন আটকে থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গণপরিবহণ কম থাকায় রিকশা ও অন্যান্য যানবাহনে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে আগামী ৯৬ ঘণ্টা আরও ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন