দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিমলার এমপির

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ডিমলার এমপির

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার তার নির্বাচনী এলাকার জননিরাপত্তা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি চাঁদাবাজি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়ার পাশাপাশি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় সংসদে উত্থাপনের কথা জানান।

মাওলানা আব্দুস সাত্তার বলেন, "চাঁদাবাজ ও স্বার্থান্বেষী মহলের কোনো দল নেই। জনগণের জানমাল রক্ষায় এবং চাঁদাবাজি রুখতে আমাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।" তিনি আরও উল্লেখ করেন যে, কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। চাঁদাবাজদের প্রতিহত করতে তিনি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

ডোমার ও ডিমলা উপজেলার প্রায় ১০০০ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ইতিমধ্যে সড়ক ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংসদে বক্তব্য প্রদান করা হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত মেরামতের ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে। এছাড়া ডোমার উপজেলার গুরুত্বপূর্ণ শালকি ব্রিজটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

ডিমলাবাসীর দীর্ঘদিনের দাবি 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নে তিনি সংসদে তারকাচিহ্নিত নোটিশ দিয়েছেন। এছাড়া ডালিয়া পয়েন্টকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ পর্যটন নগরী গড়ে তোলার প্রস্তাব রেখেছেন। বর্ষা মৌসুমে ডালিয়া তিস্তা ব্যারাজের উত্তর দিকে অবস্থিত ২০ কিলোমিটার বাঁধের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি দ্রুত মেরামতের দাবি জানান।

ডোমার পৌরবাসীর উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উপ-কেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন সংসদ সদস্য। এটি বাস্তবায়িত হলে পৌর এলাকার স্বাস্থ্যসেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন