চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি: ভোগান্তিতে ৭০০ যাত্রী

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি: ভোগান্তিতে ৭০০ যাত্রী

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর 'চট্টলা এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেনী রেলস্টেশনে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকা পড়ে আছেন প্রায় ৭০০ যাত্রী। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনে ধোঁয়া দেখা দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় ট্রেনের একজন সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫০ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশ করার সময় হঠাৎ ইঞ্জিনের ‘ট্যাবলেট কভার’ থেকে ধোঁয়া বের হতে থাকে। ইঞ্জিনের এই ত্রুটি পরীক্ষা করতে গিয়ে সহকারী লোকোমাস্টার মোহাম্মদ কাওসার ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

ট্রেনটি দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় এবং এর মধ্যে কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আশরাফুল ইসলাম নামে এক যাত্রী জানান, বেলা দেড়টা পর্যন্ত ট্রেনের ভেতর অপেক্ষা করতে হয়েছে। অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেন থেকে নেমে সড়কপথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ফেনী রেলস্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, "চট্টগ্রাম থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিকল ইঞ্জিনটি সরাতে কিছুটা সময় লেগেছে।" তিনি আরও জানান, অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে বিকল্প পথে চলে গেছেন। তবে স্টেশনের পাশের অন্য দুটি লাইন সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। অল্প সময়ের মধ্যেই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন