ফটোকার্ডে ভুল তথ্য-অপতথ্য সরকার সহ্য করবে না: তথ্য উপদেষ্টা

ফটোকার্ডে ভুল তথ্য-অপতথ্য সরকার সহ্য করবে না: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, “কারও পক্ষ থেকেই এটি বরদাশত করা হবে না। বিশেষ করে একজন ব্যক্তি আর একটি প্রতিষ্ঠানের ভুল তথ্য ছড়ানোর মধ্যে গুরুতর পার্থক্য রয়েছে।” মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদমাধ্যমের ফটোকার্ডে নিজের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন প্রসঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “গত ব্রিফিংয়ে আমি স্পষ্ট করে বলেছিলাম যে, কর্মসূচিভুক্ত খালের সংখ্যা ১২৬০ এবং খননকৃত খালের দৈর্ঘ্য ৫৬১ কিলোমিটার, যা আমাদের লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেক। অথচ একটি পরিচিত জাতীয় দৈনিক ফটোকার্ড তৈরি করে প্রচার করেছে যে, আমি নাকি বলেছি সারাদেশের অর্ধেক খাল খনন করা হয়ে গেছে! ফ্যাক্ট চেকাররা ইতোমধ্যে প্রমাণ করেছেন যে এটি একটি অপতথ্য বা ডিসইনফরমেশন।”

উপদেষ্টা আরও বলেন, তার নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়েও বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়ানো হচ্ছে। তিনি সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেন, “সাংবাদিকতা যেন সাংবাদিকতাই হয়। আমরা যথেষ্ট খোলা মনে আপনাদের সঙ্গে ইন্টারেক্ট করতে চাই। শেখ হাসিনা দেশটাকে এমন এক জরাজীর্ণ অবস্থায় রেখে গেছেন যে, সরকার সর্বোচ্চ চেষ্টা করলেও সমালোচনার জায়গা তৈরি হবে। আপনারা জেনুইন বিষয়গুলো নিয়ে যৌক্তিক সমালোচনা করুন, আমরা সেটাকে স্বাগত জানাই। কিন্তু দয়া করে অপতথ্য ছড়াবেন না।”

ভুল তথ্য ও অপতথ্য রোধে সরকার একটি ‘লিগ্যাল প্যানেল’ তৈরি করছে জানিয়ে তিনি বলেন, এই প্যানেল সব ক্ষেত্রেই অপতথ্য নিয়ে কাজ করবে এবং খুব দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ফটোকার্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো নিয়ে সরকার শক্ত অবস্থানে যাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মিডিয়াকে সরকার ভয় পায় কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, “গণতান্ত্রিক সরকার জনগণ এবং মিডিয়াকে ভয় পায়, এটা একটি পজিটিভ সাইন। স্বৈরাচারী সরকারকে বরং মিডিয়া ভয় পায়। আমরা একটি ডেমোক্রেটিক সরকার হিসেবে আমাদের মেয়াদের শেষ দিন পর্যন্ত আপনাদের ভয় পেতে চাই।”

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন