ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সাকের খান, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে চার ধান ফরিয়াদারের ব্যবসায়িক দ্বন্দ্বে এক দরিদ্র নৌকা মালিকের আয়ের একমাত্র উৎসটি তলিয়ে গেছে। নৌকাটি উদ্ধার ও পাওনা টাকার দাবিতে মাঘান ইউনিয়নের রামদাসখিলা গ্রামের ভুক্তভোগী মনু মিয়া তিন ফরিয়াদারের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মৃত আলী আকবরের ছেলে মনু মিয়া বোরো মৌসুমে উপার্জনের আশায় একটি স্টিল বডি নৌকা ক্রয় করেন। মৌসুম চুক্তিতে দৈনিক ১১ হাজার ৫০০ টাকা ভাড়ায় নৌকাটি ভাড়া নেন ঘাটুয়া গ্রামের হারুন মিয়া, আনোয়ার হোসেন, জহিরুল মিয়া এবং পদারকোণা গ্রামের আল আমীন। কিন্তু নৌকা ব্যবহারের এক পর্যায়ে আল আমীনের সাথে অন্য তিন ফরিয়াদারের পাওনা টাকা নিয়ে ঝামেলা শুরু হয়।
ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে হারুন, আনোয়ার ও জহিরুল মিয়া নৌকাটি তাদের ঘাটে নিয়ে ডুবিয়ে রাখেন। মনু মিয়া তার নৌকা উদ্ধার করতে গেলে আল আমীন জানান, লেনদেন শেষ না হওয়া পর্যন্ত নৌকা তার বাড়ির সামনেই ডুবন্ত অবস্থায় থাকবে এবং কোনো ভাড়ও দেওয়া হবে না। এ সময় মনু মিয়াকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসলেও কোনো সমাধান না হওয়ায় মনু মিয়ার নৌকা ভাড়াসহ প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভিযুক্ত হারুন ও আনোয়ার জানান, আল আমীন তাদের ব্যবসায়িক টাকা পরিশোধ না করায় তারা নৌকাটি আটকে রেখেছেন। অন্যদিকে আল আমীন দাবি করেন, লেনদেন নিয়ে কোনো ঝামেলা নেই, নৌকা ভাড়া পরিশোধ করলেই তিনি টাকা দিয়ে দেবেন।
মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ