কলাপাড়া জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কলাপাড়া জনপ্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে অসহায় ও দুস্থ মানুষের সরকারি সহায়তার টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে এক নারী জনপ্রতিনিধির বিরুদ্ধে। মহিপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) সদস্য মিনারা বেগমের বিরুদ্ধে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং সরকারি পানির ট্যাংক পাইয়ে দেওয়ার নামে হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা গেছে, মিনারা বেগম ভাতার কার্ড করে দেওয়ার নাম করে অসহায় মানুষের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করেছেন। নিজামপুর গ্রামের ৮০ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধ আঃ গনি খাঁ জানান, অনেক আগে তার নাম নেওয়া হলেও আজ পর্যন্ত তিনি কোনো সরকারি ভাতা পাননি। তার স্ত্রী অভিযোগ করেন, কার্ডের জন্য ধার-দেনা করে এক হাজার টাকা দিলেও কার্ড মেলেনি, টাকাও ফেরত পাননি।

একই গ্রামের আকিমুন বেগম বলেন, "বয়স্ক ভাতা দেওয়ার কথা বলে মিনারা মেম্বার দুই হাজার টাকা নিয়েছেন। টাকা ফেরত চাইলে তিনি নানা টালবাহানা ও হুমকি-ধমকি দেন।" বিধবা জাহেদা খাতুন জানান, টাকা দিতে না পারায় তাকে ভাতার তালিকায় অন্তর্ভুক্তই করা হয়নি। গ্রামবাসী অভিযোগ করেন, ভাতার কার্ড ছাড়াও সরকারি ত্রাণ, পানির ট্যাংক ও টয়লেট দেওয়ার নাম করে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন এই জনপ্রতিনিধি।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মিনারা বেগম মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী জানান, এখন পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছেন। অভিযোগ পেলে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন