‘নতুন জীবনের’ খোঁজে পালানো সেই ৪ স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ণ
‘নতুন জীবনের’ খোঁজে পালানো সেই ৪ স্কুলছাত্রী উদ্ধার

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিখোঁজ হওয়া চার শিশু শিক্ষার্থীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়া ও টিকটকের মোহে বিভ্রান্ত হয়ে পড়াশোনা ছেড়ে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে পালিয়েছিল বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করে কুমিল্লা জেলা পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন পঞ্চম শ্রেণির এবং একজন তৃতীয় শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে তারা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও ক্লাসে উপস্থিত হয়নি। বিকেলে তাদের নিখোঁজের বিষয়টি জানতে পেরে পুলিশ সুপারকে অবহিত করে স্কুল কর্তৃপক্ষ। পরে স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলে ডিবির একাধিক টিম অনুসন্ধানে নামে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ১৩ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে চার ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ছাত্রীরা জানায়, নিয়মিত মোবাইল ব্যবহারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কয়েকটি অজ্ঞাত তরুণদের সঙ্গে তাদের সখ্য গড়ে ওঠে। এরপরই পড়াশোনা ছেড়ে নতুন জীবনের উদ্দেশ্যে বাসা থেকে স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে বের হয় তারা। পরে শহরের কান্দিরপাড়ে একটি ফোন বিক্রি করে তারা প্রথমে ঢাকায় যায় এবং সেখান থেকে চুনারুঘাটে পৌঁছায়।

ডিবির অভিযানের পর নিখোঁজদের কাছে থাকা স্বর্ণালংকার এবং বিক্রি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, পারিবারিক অসচেতনতার কারণেই এসব অপ্রাপ্তবয়স্ক শিশুরা বিপথগামী হচ্ছে। সন্তানদের মোবাইল ব্যবহারে অভিভাবকদের সর্বদাই সতর্ক থাকা প্রয়োজন।

এআইএল/সকালবেলা