সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ণ
সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস

বিশেষ প্রতিবেদক: চলতি বছরের মধ্যেই দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে 'ইন্টারন্যাশনাল অফিস' চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের নিবাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সুযোগ সৃষ্টিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনটি নতুন আধুনিক ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য জানান, উচ্চশিক্ষা খাতকে আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক সক্ষমতা অর্জনের পাশাপাশি বৈশ্বিক গবেষণা তহবিল প্রাপ্তির সুবিধা পাবে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের মূলধারার উচ্চশিক্ষার সাথে সরাসরি যুক্ত হওয়ার ক্ষেত্র প্রস্তুত হবে।

তিনি আরও জানান, বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে ‘স্টাডি বাংলাদেশ’ নামে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এই পোর্টালের অধীনে আনা হবে।

ইউজিসি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, দেশে বর্তমানে গুটিপ্রকেয় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক দপ্তর থাকলেও চলতি বছরে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটি বাধ্যতামূলকভাবে চালুর নির্দেশনা রয়েছে। পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও নিজস্ব অর্থায়নে ইন্টারন্যাশনাল অফিস স্থাপনে উৎসাহিত করা হচ্ছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

এআইএল/সকালবেলা