মাওলানা নুরুল হকের ইন্তেকালে কওমি পরিষদের শোক
অনলাইন ডেস্ক: কুমিল্লার বিশিষ্ট প্রবীণ আলেম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কুমিল্লা জেলার সাবেক সভাপতি, হেফাজতে ইসলাম কুমিল্লা জেলার সভাপতি, বটগ্রাম হামিদিয়া মাদরাসার মুহতামিম, শায়খুল হাদিস ও পীরে কামেল হযরত মাওলানা নুরুল হকের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কওমি পরিষদের সভাপতি ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনি জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় মুফতি ইমরানুল বারী সিরাজী বলেন, মাওলানা নুরুল হকের ইন্তেকালে কুমিল্লাসহ দেশের ওলামায়ে কেরাম ও দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ছিলেন একজন প্রবীণ আলেম, শায়খুল হাদিস, পীরে কামেল ও দ্বীনের নিবেদিতপ্রাণ খাদেম। ইলমে দ্বীনের প্রচার-প্রসার, মাদরাসা শিক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মাওলানা নুরুল হক ছিলেন সাদাসিধে, বিনয়ী ও প্রজ্ঞাবান আলেম। তিনি সারা জীবন কুরআন-সুন্নাহর শিক্ষা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং দ্বীনের খেদমতে নিজেকে নিবেদিত রেখেছেন। তাঁর ইন্তেকালে আমরা একজন অভিভাবকতুল্য আলেমকে হারালাম, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাঁর জীবনের সব নেক আমল কবুল করেন, ভুল-ত্রুটি ক্ষমা করেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।
মুফতি ইমরানুল বারী সিরাজী মরহুমের রুহের মাগফিরাতের জন্য সর্বস্তরের মুসলমানদের কাছে বিশেষভাবে দোয়া করার আহ্বান জানান।
এআইএল/সকালবেলা