সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানী ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের অসংখ্য গুণগ্রাহী ও সহযোদ্ধা অংশ নেন।
জানাজা শুরুর পূর্বে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে বিশেষ আলোচনা করা হয়। পরে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, সংসদের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে তাঁর সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে মরহুমের বাবার কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।