টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল'-এর একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট কাজ করছে এবং পরিস্থিতি মোকাবিলায় আরও আটটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনের সংবাদ পাওয়ার পরপরই নিকটস্থ টঙ্গী ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ১০টা ২৫ মিনিটে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট টঙ্গী ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানের দূরত্ব ছিল প্রায় দুই কিলোমিটার। আগুনের ব্যাপ্তি বেশি হওয়ায় এবং দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় আশেপাশের স্টেশন থেকে আরও আটটি ইউনিটকে সহায়তার জন্য সেখানে পাঠানো হচ্ছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির সম্ভাব্য বিবরণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।