৪০০ পরিবারের দায়িত্ব নিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা
বিনোদন ডেস্ক: সামাজিক ও পারিবারিক জীবনের নতুন অধ্যায় শুরু করার পর প্রথমবারের মতো একসাথে রূপালী পর্দায় ফিরতে চলেছেন সর্বভারতীয় মেগাস্টার জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের আসন্ন বহুল প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা সিনেমা ‘রণবলী’ ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে।
তবে সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির আগেই সম্পূর্ণ এক ব্যক্তিগত ও মানবিক উদ্যোগের মাধ্যমে সংবাদ শিরোনামে উঠে এসেছেন জাতীয় ক্রাশ রাশমিকা। সিনেমায় যোদ্ধা ‘রণবলী’র স্ত্রী ‘জয়াম্মা’ চরিত্রে অভিনয় করার সময় বাস্তব জীবনের সাথে চরিত্রটির অদ্ভুত এক মেলবন্ধন খুঁজে পেয়ে ৪০০ অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। আগামী তিন মাস এসব পরিবারের নিত্যপ্রয়োজনীয় সমস্ত খাদ্যসামগ্রী সরবরাহ করবেন তিনি।
নিজেই অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে এই বিশেষ পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন রাশমিকা। প্রকাশিত ভিডিওতে তাঁর প্রতিনিধি দলের সদস্যদের অভাবগ্রস্তদের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট ও রসদ তুলে দিতে দেখা যায়। রাশমিকা আশাবাদ ব্যক্ত করেন যে, এই সামান্য সহায়তার মাধ্যমে পরিবারগুলো তাঁদের আগামী তিন মাসের দৈনন্দিন বাজার খরচ বাঁচিয়ে ভবিষ্যতের কঠিন দিনের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন।
গোপন এই উদ্যোগ এত দিন পর কেন প্রকাশ্যে আনলেন—এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, বিষয়টি তিনি একান্তই ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন এবং কেবল তাঁর সহযোগী টিমের হাতেগোনা কয়েকজন সদস্যই বিষয়টি জানতেন। তবে পরে তিনি অনুভব করেন, এই উদ্যোগ প্রকাশ্যে আনলে অন্য বিত্তবানরাও সাধারণ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হতে পারেন।
রাশমিকার ভাষ্য, “আপনারা অনেকেই জানতে চান জয়াম্মার সাথে আমার কোনো মিল আছে কি না। উত্তর হলো, হ্যাঁ। আমি বরাবরই এমন কিছু মানবিক কাজ করতে ভালোবাসি, জয়াম্মাও ঠিক তেমনই। আপনাদের ভালোবাসার প্রতিদান হিসেবেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।”
শুধু এই ৪০০ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না রাশমিকার এই কল্যাণমূলক কার্যক্রম। আগামী পুরো এক বছর ধরে পর্যায়ক্রমে এমন উদ্যোগ চালিয়ে যাওয়ার দৃঢঁ আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
রাশমিকা আরও যোগ করেন, “আজ ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী এক বছর ধরে প্রতিবার ৪০০টি করে নতুন পরিবারকে তিন মাসের খাদ্য সহায়তা দিতে চাই। গত কয়েক বছর কাজ করতে গিয়ে যত রাত জেগেছি, চোট পেয়েছি বা যে কষ্ট সামলেছি—অসহায় এই মানুষগুলোর মুখের এক চিলতে অমূল্য হাসি সেই সব কষ্টের সার্থকতা এনে দেয়।”
উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ‘রণবলী’ সিনেমার গল্পের পটভূমিতে রয়েছে ব্রিটিশ শাসনামলের ভারতবর্ষের এক বিভীষিকাময় ভয়াবহ দুর্ভিক্ষ। খরা ও ফসলহানির কারণে দক্ষিণ ও পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষের অনাহারে প্রাণ হারানোর করুণ ইতিহাস এই চলচ্চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে রণবলীর ভূমিকায় অভিনয় করেছেন বিজয় এবং তাঁর স্ত্রীর চরিত্র ‘জয়াম্মা’র রূপে ধরা দেবেন রাশমিকা।