পাঁচবিবিতে চালককে হত্যা করে মিশুক ছিনতাই
মোস্তাকিন হোসেন (পাঁচবিবি, জয়পুরহাট): জীবিকার তাগিদে অসুস্থ বড় ভাইয়ের অটোচার্জার মিশুক গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে লাশ হয়ে ফিরেছেন ছোট ভাই সাখাওয়াত হোসেন (২৭)। দুর্বৃত্তরা মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করার পর মিশুক গাড়িটি ছিনতাই করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ব্রিজের পাশ থেকে সাখাওয়াতের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উচাই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, সাখাওয়াতের বড় ভাই শাহারুল ইসলাম স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছেন। এ কারণে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে বড় ভাইয়ের অটোচার্জার মিশুক গাড়িটি নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় স্বজনেরা তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় এক স্কুলছাত্র পাথরঘাটা ব্রিজের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সাখাওয়াতের বলে শনাক্ত করেন।
খবর পেয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম এবং আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং ছিনতাই হওয়া মিশুক উদ্ধারসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাখাওয়াতের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে ব্রিজের পাশ থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এআইএল/সকালবেলা