খুলনায় টিপুর বাসায় অভিযান, অস্ত্র-গুলিসহ বড় ভাই বাদশা গ্রেপ্তার
সরদার সাইদী হাসান বাবু (খুলনা ব্যুরো): খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ডের নিহত সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর বাসায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনগত রাতে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি টিপুরের বড় ভাই গোলাম রাসূল বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান শেষে গোলাম রাসূল বাদশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি থেকে একাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন তৎকালীন কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। ওই হত্যাকাণ্ডটি সারা দেশে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সুনির্দিষ্ট বিবরণ এবং এ ঘটনায় দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত তথ্য খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুতই জানানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এআইএল/সকালবেলা