বাস্তুচ্যুত সমস্যা সমাধানে কাজ করবে পার্লামেন্টারি ককাস: ডেপুটি স্পিকার
অনলাইন প্রতিবেদক: জলবায়ু পরিবর্তনজনিত মারাত্মক পরিবেশগত ঝুঁকি ও এর প্রভাবে গৃহহীন হওয়া বাস্তুচ্যুত মানুষের সমস্যা চিরতরে দূর করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সাথে নিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে জাতীয় সংসদের সর্বদলীয় ‘পার্লামেন্টারি ককাস’।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রখ্যাত সামাজিক গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্স ইউনিট (রামরু)-এর ৩০ বছর পূর্তি উৎসব এবং ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ উপলক্ষে আয়োজিত বিশেষ সেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। সেশনটির মূল প্রতিপাদ্য ছিল—"Introducing the Parliamentary Caucus on Climate Change and Displacement"।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “বর্তমান সংসদ হচ্ছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একটি দায়িত্বশীল সংসদ। এই সংসদ অনুধাবন করতে পেরেছে যে, জলবায়ু পরিবর্তনের ধাক্কায় উপকূল ও ক্ষতিগ্রস্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রতিদিন যে দুঃসহ কষ্টের মুখোমুখি হচ্ছেন, তা কার্যকরভাবে মোকাবিলা করতে একটি সুনির্দিষ্ট সংসদীয় প্ল্যাটফর্ম বা ককাস প্রয়োজন।”
তিনি আশা প্রকাশ করেন, এই ককাসের মাধ্যমে সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় জলবায়ুজনিত ঝুঁকি চিহ্নিতকরণ, নীতিনির্ধারণী ফোরামে সুপারিশ পেশ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সাধনে অগ্রণী ভূমিকা রাখবেন।
ডেপুটি স্পিকার আরও স্মরণ করিয়ে দেন যে, আন্তর্জাতিক অঙ্গনে বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের জন্য বাংলাদেশ খুব সামান্য দায়ী হলেও, ভৌগোলিক অবস্থানের কারণে এর সবচেয়ে ভয়াবহ ও নির্মম ভুক্তভোগী হতে হচ্ছে এ দেশের নিরীহ মানুষদের। তাই ক্ষতিপূরণ আদায় এবং স্থানীয় পর্যায়ে টেকসই পুনর্বাসনের জন্য সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে ককাস চেয়ারপার্সন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, “জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসটি একটি সম্পূর্ণ সর্বদলীয় উদ্যোগ। জনগণের দুর্ভোগ লাঘব ও দুর্যোগ থেকে তাঁদের সুরক্ষায় আমরা সংসদের ভেতরে ও বাইরে আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে কাজ করব।”
রামরুর নির্বাহী পরিচালক ড. তাসনিম সিদ্দিকীর দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদীয় ককাসের সম্মানিত সদস্য রাশেদুল ইসলাম রাশেদ এমপি, আবুল হোসেন খান এমপি, আনোয়ারুল হক এমপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। দু'দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি জলবায়ু বিশেষজ্ঞ, কূটনৈতিক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বরা সক্রিয়ভাবে অংশ নেন।