নিরাপদ খাদ্য পরীক্ষার ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য নবসংযোজিত ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি এই পরীক্ষাগারটির সার্বিক কার্যক্রম সরেজমিনে খতিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে ভেজাল শনাক্তকরণের নমুনা সংগ্রহ ও তাৎক্ষণিক পরীক্ষা পদ্ধতি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মোবাইল ল্যাবটির পরিচালনা ও প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে তাঁকে বিস্তারিত অবহিত করেন।
কর্মকর্তারা জানান, সারা দেশে ভেজালবিরোধী তদারকি জোরদার করার অংশ হিসেবে বর্তমানে দেশের ৮টি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ ল্যাবের সাহায্যে খাদ্য পরীক্ষা করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি ৬৪টি জেলাতেই চালুর পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানের পাশাপাশি খাদ্য নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভ্যানের বাইরের মনিটরে সচেতনতামূলক তথ্যচিত্রও প্রদর্শন করা হচ্ছে।
তাঁরা আরও জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মোট ৭২টি আধুনিক ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংযোজনের প্রক্রিয়া বাস্তবায়নাধীন রয়েছে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম, চিফ হুইপ নূরুল ইসলাম, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও জনপ্রশাসন সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা