সাজেক সড়কে আবারো অবরোধের ঘোষণা

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ণ
সাজেক সড়কে আবারো অবরোধের ঘোষণা

মোঃ ইমরান হোসেন (বাঘাইছড়ি, রাঙামাটি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে আবারো অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে পুনরায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি। অন্যদিকে, সাজেক পর্যটনকেন্দ্র দ্রুত খুলে দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে পর্যটন সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

বুধবার (১৪ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যদের সরিয়ে নেওয়াসহ স্থানীয়দের তিন দফা দাবি পূরণে প্রশাসন ব্যর্থ হয়েছে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

যৌথ বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা বলেন, গত ১১ অক্টোবর সাজেক সড়কে অবরোধ শুরু হলে প্রশাসন ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। সেই আশ্বাসে কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলেও নির্ধারিত সময়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সাজেকের মাচালং, থালকুম্ভো, চিল্ল্যাতুলীসহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গ্রুপের প্রকাশ্যে চাঁদাবাজি ও হুমকি-ধমকিতে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে তাঁরা দাবি করেন।

নেতারা জানান, স্থানীয়দের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। তবে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওষুধ সরবরাহকারী গাড়ি ও সাংবাদিকদের যানবাহন এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

অন্যদিকে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে পর্যটন এলাকাটি দ্রুত খুলে দেওয়ার দাবি জানানো হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা উল্লেখ করে রাঙামাটি জেলা প্রশাসন গত ১১ অক্টোবর সন্ধ্যা থেকে সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ ও অবস্থান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

এআইএল/সকালবেলা