ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হল সেন্ট্রাল ইউনিভার্সিটি
অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে সরকারি সাত কলেজের প্রশাসনিক ও একাডেমিক সংযোগের সমাপ্তি ঘটিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এসব নথিপত্র ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমানের হাতে তুলে দেন।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীদের যাবতীয় প্রশাসনিক দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে মুক্ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের মাধ্যমে নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ঢাবির সহযোগী ভূমিকা ভবিষ্যতেও বজায় থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান দ্রুততম সময়ে তথ্য হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করায় ঢাবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আধুনিক ও বেগবান করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
নথিপত্র হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিনসহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. সালমা বেগম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বোরহান উদ্দিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
নিক নেম: এআইএল/সকালবেলা