ঢাবিতে গাড়ি চাপায় ৭ শিক্ষার্থী আহত, শিক্ষকের ছেলের আটক

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
ঢাবিতে গাড়ি চাপায় ৭ শিক্ষার্থী আহত, শিক্ষকের ছেলের আটক

বিশেষ প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায়ী শিক্ষা অনুষদের (এফবিএস) সামনের সড়কে একটি বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় সাত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে সাদমান সাকিব চালাচ্ছিলেন। তিনি ঢাবির ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গাড়িটি প্রথমে ভাষাবিজ্ঞান বিভাগের ছাত্রী জান্নাতুল ইসলাম তাহিয়াকে সজোড়ে ধাক্কা দেয়। এরপর আরও ছয় শিক্ষার্থী গাড়ির চাপায় আহত হন। দুর্ঘটনায় তাহিয়ার পা ও মাথায় গুরুতর জখম হয় এবং মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আহতদের মধ্যে অন্য ছয়জন মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী।

অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর উপস্থিত ক্ষুব্ধ শিক্ষার্থীরা চালক সাদমান সাকিবকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। নিজের ভুলের কথা স্বীকার করে চালক সাকিব জানান, শখের বশে চালকের পাশে বসে গাড়িটি তিনি চালাচ্ছিলেন। হঠাৎ ভিড় দেখে আতঙ্কিত হয়ে ব্রেকে চাপ দেওয়ার বদলে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় গাড়িটি বেপরোয়া হয়ে শিক্ষার্থীদের চাপা দেয়।

শিক্ষার্থীরা প্রক্টর অফিসে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে দ্রুত মামলা দায়ের করার জোর দাবি জানান। সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া জানান, শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলামও জানান, ঘটনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন।

এআইএল/সকালবেলা