বরিশালে ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
বরিশালে ওসিসহ ৭ পুলিশের বিরুদ্ধে রাজমিস্ত্রির মামলা

অনলাইন ডেস্ক: সরকারি পোশাকের অপব্যবহার, মারধর, প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ আটক ও শিশু অপহরণের অভিযোগে বরিশালের বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন জালিস মাহমুদ নামের এক রাজমিস্ত্রি।

মামলার বাদী জালিস মাহমুদ বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামের ফকির বাড়ির সহিদুল ইসলামের ছেলে।

আদালতের বিচারক সৈয়দ আবিদুল হক মামলাটি আমলে নিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মর্যাদার নিচে নন—এমন একজন কর্মকর্তাকে দিয়ে অভিযোগটি সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান এবং উপপরিদর্শক (এসআই) মো. জাহিদ। এ ছাড়া ৪ থেকে ৫ জন পুলিশ সদস্যকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, রাজমিস্ত্রি জালিস মাহমুদ তাঁর স্ত্রী পপি আক্তারকে তালাক দিলে পপি যৌতুক নিরোধ আইনে মামলা করেন। পরবর্তীতে বকেয়া খোরপোষ ও দেনমোহরের সম্পূর্ণ টাকা পরিশোধ করে আদালত থেকে খালাস পান জালিস। তাঁদের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তালাকের পর পপি অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় শিশুটি বাবার বাড়িতেই অবস্থান করছিল।

অভিযোগে বলা হয়, গত ১২ অক্টোবর সকালে ওসির নির্দেশে এসআই জাহিদসহ কয়েকজন পুলিশ সদস্য জালিস মাহমুদকে বাড়ির সামনে থেকে আটক করেন। আটককালে এসআই জাহিদ তাঁর গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান এবং শারীরিক নির্যাতন করেন। পরে কোনো বৈধ পরোয়ানা ছাড়াই তাকে থানায় দীর্ঘ সময় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক সাবেক স্ত্রীর জিম্মায় হস্তান্তর করা হয়।

তবে মারধর ও অনিয়মের অভিযোগ অস্বীকার করে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, শিশুটি মারাত্মক অসুস্থ ছিল এবং তার মাতৃস্নেহ প্রয়োজন হওয়ায় চিকিৎসা নিশ্চিত করে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা