আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদন: ছিনতাইকারীদের নৃশংস হামলায় গুরুতর আহত খুলনায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তারা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন আহত পুলিশ কর্মকর্তার শয্যাপাশে কিছু সময় কাটান এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় আহত শাহ আলমের সর্বাত্মক ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য উপস্থিত চিকিৎসকদের প্রতি তাগিদ দেন তাঁরা।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি মো. আলী হোসেন ফকির জানান, বর্তমানে সারা দেশে অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। খুলনায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে একদল ছিনতাইকারীর বর্বরোচিত হামলার শিকার হন শাহ আলম। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর দুই হাতের রগ কেটে গিয়েছে।

আইজিপি আরও দৃঢ়তার সঙ্গে জানান, পুলিশ বাহিনীর ওপর হামলা চালানো এসব সন্ত্রাসী ও ছিনতাইকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা