গড়াই নদীতে নির্মিত হবে শহীদ আবরার ফাহাদ সেতু: সমবায় প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া): দ্রুততম সময়ের মধ্যে গড়াই নদীর ওপর প্রস্তাবিত ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এই সেতুটি নির্মিত হলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সঙ্গে জেলা শহরের সরাসরি সংযোগ স্থাপিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া শহরতলীর ঘোড়াই ঘাট এলাকায় সেতুর প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মূল নির্মাণকাজ শুরুর আগে দ্রুত মাটি পরীক্ষা ও কারিগরি সমীক্ষা সম্পন্ন করা হবে। এই মেগা প্রকল্প বাস্তবায়নের স্বার্থে স্থানীয় অধিবাসীদের কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সেতু নির্মাণসহ এলাকার নানা সামাজিক দাবির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সেতুর নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনার জন্যই প্রকৌশলীদের প্রতিনিধিদল নিয়ে তিনি কুষ্টিয়া সফরে এসেছেন।
এ সময় মীর শাহে আলম বলেন, শহীদ আবরার ফাহাদ কে ছিলেন এবং তাঁর ত্যাগ কী ছিল, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাঁর স্মৃতি অমর করে রাখতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাবে।
এর আগে প্রতিমন্ত্রী কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন এবং তাঁর নামে নির্মাণাধীন একটি নতুন মসজিদ পরিদর্শন করেন।
এআইএল/সকালবেলা