যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
যশোর সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সন্ত্রাসী হামলায় আহত

স্টাফ রিপোর্টার: যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপকে (২৩) চাকু মেরে আহত করেছে এক দুর্বৃত্ত। ক্যাম্পাসে মাদক কারবার ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় অংকন নামের স্থানীয় এক তরুণ এই হামলা চালিয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে যশোর সিটি কলেজের সংলগ্ন একটি গলিতে এই ঘটনা ঘটে।

আহত ফয়সাল হাসান তদ্রুপ যশোর শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ফয়সাল হাসান তদ্রুপ জানান, অংকন (১৮) নামের ওই তরুণ দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে মাদক বিক্রি, বিশৃঙ্খলা সৃষ্টি ও সাধারণ ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিল। বুধবার দুপুরে তিনি ওই তরুণকে এসব অপকর্ম বন্ধ করতে বললে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অংকন তাঁর কাছে থাকা ধারালো চাকু দিয়ে তদ্রুপকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত অংকন যশোর শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা। সে এলাকায় ছিনতাই ও মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি বলেন, ক্যাম্পাসে মাদক ও উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাব্বি হাসনাত জানান, আহত তদ্রুপের আঘাত গুরুতর হলেও তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত তরুণকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা