ভালুকায় বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
ভালুকায় বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মোঃ জাকির হোসাইন রাজু (ভালুকা, ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিষধর সাপের কামড়ে মোছলেখা খাতুন নামের এক গৃহবধূর করুণ মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি গ্রামের মো. শনু মিয়ার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূ বিষধর সাপের কামড়ের শিকার হন। পরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাত আনুমানিক আড়াইটার দিকে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে আনার পর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে প্রথম দফায় ভোর চারটায় এবং পরে সকাল নয়টায় তাঁকে অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ অক্টোবর) সকাল দশটার দিকে তাঁর মৃত্যু হয়।

এই আকস্মিক মৃত্যুর খবরে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকেরা সতর্ক করে জানিয়েছেন, স্যাঁতসেঁতে আবহাওয়া ও বর্ষার মৌসুমে সাপের উপদ্রব বাড়ে। তাই বাড়িঘরে বাড়তি সতর্কতা অবলম্বন করা এবং সাপে কাটলে ওঝা বা ঝাড়ফুঁকের পেছনে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

এআইএল/সকালবেলা