সৌদিতে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না: জাইদি

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
সৌদিতে হামলার জন্য ইরাকের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না: জাইদি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর জন্য কোনো অবস্থাতেই ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি। 

গত মে মাসে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৪ অক্টোবর) প্রথমবারের মতো রিয়াদ সফরে গিয়ে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ইরাকি বার্তা সংস্থার বরাত দিয়ে জানা যায়, বৈঠকে দুদেশের পারস্পরিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে বিষদ আলোচনা হয়। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিবেশী দেশগুলোর শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হয়—ইরাক এমন কোনো পদক্ষেপ কখনোই বরদাশত করবে না। বাগদাদ সবসময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে সুসম্পর্ক টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক একটি স্পর্শকাতর ঘটনার পরই ইরাকি প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ রিয়াদ সফর অনুষ্ঠিত হলো। গত মাসে সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে যে ড্রোন হামলা চালানো হয়, তদন্তে তা ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত হয়েছিল বলে নিশ্চিত হওয়া যায়। ওই ধ্বংসাত্মক হামলার কারণে বাধ্য হয়ে সৌদি আরবকে সাময়িকভাবে তেল রফতানি স্থগিত রাখতে হয়েছিল।

দৈনিক হাজার হাজার ব্যারেল জ্বালানি তেল পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পাইপলাইনটির কার্যক্রম বর্তমানে স্বাভাবিক হলেও ঘটনার গুরুত্ব বিবেচনায় ইরাকি প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে রিয়াদ সফরে যান। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে আশ্বস্ত করে তিনি বলেন, ভবিষ্যতে ইরাকের মাটি ব্যবহার করে আর কোনো সন্ত্রাসী বা আক্রমণাত্মক হামলা হতে দেওয়া হবে না।

এআইএল/সকালবেলা