সেভেন-আপে মানহীন উপাদান: আদালতে মামলা

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ণ
সেভেন-আপে মানহীন উপাদান: আদালতে মামলা

সকালবেলা অনলাইন: আর্ন্তজাতীয় পানীয় ব্র্যান্ড পেপসিকোর বিশ্বখ্যাত পণ্য 'সেভেন-আপ'-এ নিম্নমানের ও মানহীন উপাদানের উপস্থিতি পাওয়ার অভিযোগে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করা হয়েছে। ল্যাব পরীক্ষায় নির্ধারিত মানদণ্ডের ৬টি প্যারামিটারের মধ্যে ৩টিতেই উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে কোমল পানীয়টি।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট পরিদর্শক দল সমন্বয়ে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে এই মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, বাজার থেকে সংগৃহীত সেভেন-আপের নমুনায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং অনির্ধারিত উপাদানের মাত্রা পাওয়া গেছে। পরীক্ষাগারে রাসায়নিক মান যাচাইয়ের সময় ৬টির মধ্যে ৩টি মৌলিক সূচকেই এটি গুণগত মান বজায় রাখতে ব্যর্থ হয়। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ আইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক কোনো ব্র্যান্ডকেও ছাড় দেওয়া হবে না। শুনানির দিন আসামিদের আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।

এআইএল/সকালবেলা