তিস্তা হবে উত্তর অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু : জামায়াত আমীর

তিস্তা হবে উত্তর অঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু : জামায়াত আমীর

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় এক নির্বাচনী জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা বর্তমানে এই অঞ্চলের মানুষের কাছে এক সাগর দুঃখের নাম হয়ে দাঁড়িয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন যে, যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে একে উত্তরাঞ্চলের অর্থনীতির প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। উন্নয়নের ধারাবাহিকতায় বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়নসহ সড়ক ও রেলপথের উন্নয়নের কথাও জানান তিনি।

সুশাসন ও ন্যায়বিচার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। ন্যায়বিচারের ক্ষেত্রে বিচার বিভাগ সাধারণ নাগরিক ও দেশের প্রেসিডেন্টের মধ্যে কোনো ভেদাভেদ করবে না। যারা অতীতে জনসম্পদ লুটপাট করেছে, তাদের ভয়ের কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, ন্যায়বিচার সবার জন্য সমান হবে এবং তাদেরও দেশ গড়ার কারিগর হওয়ার সুযোগ দেওয়া হবে।

দুর্নীতি দমনে রাষ্ট্রীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো দুর্নীতি করতে বাধ্য করছে। জামায়াত ক্ষমতায় গেলে আগে তাদের সম্মান ও পর্যাপ্ত বেতন নিশ্চিত করবে, যাতে তারা হালাল রুজি নিয়ে বাঁচতে পারেন। এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, নারীরা ঘরে ও কর্মস্থলে সর্বোচ্চ মর্যাদার সাথে কাজ করবেন এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও মা-বোনদের ইজ্জত রক্ষা করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ তারিখে প্রথমে ‘হ্যাঁ’ ভোট এবং পরে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে জনতা রায় দেবে। জনসভা শেষে তিনি লালমনিরহাট ও নীলফামারী জেলার মোট ৭টি আসনের জামায়াত প্রার্থীদের উপস্থিত জনতার সাথে পরিচয় করিয়ে দেন। লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন