বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ব্রিটিশ রিভলবার ও মাদকসহ যুবক গ্রেপ্তার

বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান: ব্রিটিশ রিভলবার ও মাদকসহ যুবক গ্রেপ্তার

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে একটি ব্রিটিশ রিভলবার, তাজা গুলি, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকসহ আতিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকায় তার নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, একটি খালি ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বাড়িটির বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র জব্দ করেছে সেনাবাহিনীর বিশেষ দলটি। অস্ত্রের পাশাপাশি আতিকুর রহমানের ঘর থেকে কোকেন, ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র এবং দুটি পাসপোর্টও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত মালামালসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন