ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফেনী প্রতিনিধি: তারুণ্যের স্বপ্ন ও চাহিদাকে প্রাধান্য দিয়ে আধুনিক ফেনী গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফেনী-২ আসনের ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশন সেন্টারে ‘তারুণ্যের ভাবনায় সংস্কার’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু তরুণ সংগঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ফেনীর তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “তরুণদের মেধা ও শক্তিকে কাজে লাগিয়েই আমরা ফেনীর বিদ্যমান সমস্যাগুলোর স্থায়ী সমাধান করতে চাই।” অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া এবং এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতসহ জোটের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
এর আগে সকালে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে গণসংযোগ করেন মজিবুর রহমান মঞ্জু। ছনুয়া বাজার, টঙ্গীরপাড় ও কাজিরদিঘি এলাকায় সাধারণ মানুষের সাথে আলাপকালে তিনি মৌলিক পাঁচটি অধিকার—অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “রাষ্ট্রের পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ সেবা পায় না। ঘর করতে গেলে টাকা মারা হয়, রেশনের মালামাল চুরি হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হোক।”
মঞ্জু ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যাকে ভোট দিলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হবে, তাকেই নির্বাচিত করুন। আমরা ওয়াদা দিচ্ছি, আমরা কারো হক নষ্ট করবো না, বরং বঞ্চিতদের অধিকার রক্ষা করবো।”
গণসংযোগকালে তাঁর সাথে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, এবি পার্টির জেলা সদস্য সচিব ফজলুল হকসহ জামায়াতে ইসলামী, এবি পার্টি ও এনসিপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ