জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে বিপর্যয় হবে: প্রতিমন্ত্রী নুর

প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে বিপর্যয় হবে: প্রতিমন্ত্রী নুর

সকালবেলা প্রতিবেদক: জামায়াতে ইসলামীকে শুরুতেই রুখে দিতে না পারলে দেশে আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৬ নভেম্বর) গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পল্টনে আল-রাজী ভবনের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

জামায়াতের কড়া সমালোচনা করে নুরুল হক নুর বলেন, যে দল বাংলাদেশের জন্ম ও অস্তিত্বে বিশ্বাস করে না, তারা এখনো দেশে ধর্মীয় উগ্রবাদ ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। জুলাই অভ্যুত্থানের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলেও একটি মহল উগ্রবাদী রাজনীতি পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও ধর্মীয় উগ্রবাদী উন্মাদনার বিরুদ্ধে দেশের সব দেশপ্রেমিক শক্তিকে সোচ্চার থাকতে হবে। ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু দেশে আর কখনো ফ্যাসিবাদ ও উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন সংকটের পেছনে উগ্রবাদী রাজনৈতিক দলগুলোর ভূমিকা দেশের মানুষ ভুলে যায়নি উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এআইএল/সকালবেলা