‘চোরের গ্রাম’ নিয়ে দুই গ্রামের সংঘর্ষ: হাসপাতালে ৫০, আটক ১
বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নিতাইরচক গ্রামের নানু মিয়ার একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে নানু মিয়ার ভাই আশিক পার্শ্ববর্তী জয়রামপুর গ্রামের এক ব্যক্তিকে চুরির সঙ্গে জড়িত বলে অভিযুক্ত করেন এবং বাজারে ওই গ্রামকে ‘চোরের গ্রাম’ বলে অপবাদ দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে শুক্রবার সকাল ১০টার দিকে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জাহিদুল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা