কুমিল্লায় নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
সাইফুল ইসলাম ফাহাদ (দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি): কুমিল্লার দেবিদ্বারে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) 'বেস্টফুড' নামের একটি রেস্টুরেন্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে দেবিদ্বার থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট প্রচার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল বলে পুলিশ জানায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পরও তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে জামিনে মুক্ত হন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ভূইয়া জানান, আওয়ামী লীগের মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ফেসবুকে উসকানি ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা