কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

প্রকাশ: শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ণ
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত মাদ্রাসাছাত্র শাহীন আলম (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সহপাঠীরা জানায়, ঘটনার দিন কয়েকজন বন্ধুর সঙ্গে বাইসাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন সড়কে পৌঁছালে একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে শাহীন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়। পরবর্তীতে রংপুরের ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। হাসপাতাল থেকে তাঁর লাশ হস্তান্তরের পর স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএল/সকালবেলা