মসজিদ কমিটির বিরোধে সভাপতিকে হত্যা, আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি মো. নিরাশা আকন্দকে (২৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
শুক্রবার (৬ নভেম্বর) এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী এলাকার মতিন আকন্দের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, নিহত একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি হওয়ার পর থেকেই অভিযুক্তরা তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত ৫ জুন বেলা ১১টার দিকে নিজ বাড়িতে একা পেয়ে আসামিরা তাঁকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে গাইবান্ধা ও রংপুরের যৌথ আভিযানিক দল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান চালায়। এ সময় মামাশ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়ি থেকে নিরাশা আকন্দকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৩ কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা