ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, নতুন সমাজ বিনির্মাণে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, “পূজার জায়গায় পূজা হবে, নামাজের জায়গায় নামাজ; সবাই মিলে আমরা একটি বৈষম্যহীন সমাজ গড়বো।” বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রাশেদ প্রধান বিএনপি এবং লন্ডন থেকে আসা দলটির নেতৃত্বের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, “লন্ডন থেকে আসা মুফতি সাহেব অনেক কষ্টে ‘হ্যাঁ’ বললেও তাঁর কর্মীরা এলাকায় ‘না’ বলে বেড়াচ্ছে। নেতার কথা কর্মীরা শোনে না—এটা কেমন দল আর কেমন মার্কা?”। তিনি অভিযোগ করেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে জনগণের সম্পদ ও প্রশাসন দখলের চক্রান্ত চলছে। এমনকি আমিরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।
রাশেদ প্রধান আরও অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে জরিপ চালিয়ে আগামীর ভোট বাক্স দখলের নীল নকশা করছে। তরুণ ও যুবকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “আগামী ১২ তারিখ লুটেরা দল যদি ভোট বাক্স ছিনতাই করতে আসে, তবে তিতুমীরের বাঁশের কেল্লার মতো প্রতিরোধ গড়ে তুলবেন”।
তিনি বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকা নেতার পরিবর্তে জনগণের সাথে মিশে থাকা নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “আমাদের স্যুট-টাই-কোট পরা লোকের দরকার নেই; যারা ধানক্ষেতে হাঁটতে পারবে, তেমন মানুষকেই আমরা ক্ষমতায় চাই”।
দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন ও পঞ্চগড়-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. সফিউল আলম (সুফিউল্লাহ সুফি)। সভায় জেলা ও উপজেলা জামায়াত এবং এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ