উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে লুৎফুজ্জামান বাবরের গণসংযোগ

উন্নয়ন ও নিরাপত্তা ইস্যুতে লুৎফুজ্জামান বাবরের গণসংযোগ

মহসিন মিয়া, নেত্রকোনা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। উন্নয়ন ও জননিরাপত্তা ইস্যুকে প্রাধান্য দিয়ে তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। দীর্ঘদিন পর এলাকায় বাবরের এই সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহের সঞ্চার করেছে। গণসংযোগকালে তিনি হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। বাবর বলেন, “সঠিক পরিকল্পনা ও সৎ নেতৃত্বের মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য”।

এই আসনে লুৎফুজ্জামান বাবরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান এবং কমিউনিস্ট পার্টির জলি তালুকদার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেও পরে তা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী প্রচারে তাঁর পরিবারের সদস্য ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

স্থানীয় ভোটারদের মতে, এবারের নির্বাচনে যোগাযোগ ব্যবস্থা ও জননিরাপত্তা সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে বাবরের জনপ্রিয়তা থাকলেও নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে, তা ১২ ফেব্রুয়ারির ভোটেই নির্ধারিত হবে।

মন্তব্য করুন