মাদারীপুর-১ (শিবচর) আসনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতাকর্মী ওই উঠান বৈঠকে উপস্থিত হন। তারা ধানের শীষের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে স্লোগান দেন। আওয়ামী লীগের এসব নেতার দাবি, সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে তারা বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন।
এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপির একাংশের নেতাকর্মীরা জানান, মাদারীপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। সাবেক সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারীরাই এলাকায় প্রভাবশালী। তার সবুজ সংকেত পাওয়ার পর আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকে এসে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন বলে দাবি করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, গত সোমবার থেকেই নাদিরা আক্তার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে একাধিক উঠান বৈঠক করছেন। মঙ্গলবার সন্ধ্যার বৈঠকটি ছিল বড় পরিসরের। এতে বিএনপি ও আওয়ামী লীগের নেতারা একসঙ্গে উপস্থিত থেকে প্রার্থীর পাশে বসেন।
পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা।
বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন নেতা ধানের শীষের প্রার্থীর পক্ষে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক জনপ্রতিনিধিরা।
শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান বৈঠকে তিন মিনিট বক্তব্য দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। বক্তব্য শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
বৈঠকে বিএনপির প্রার্থী নাদিরা আক্তার বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান বলেছেন—সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলি, সবার আগে শিবচর। দলমত নির্বিশেষে সবাই এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করলেই শিবচরের উন্নয়ন সম্ভব। নির্বাচনের পর কারও বিরুদ্ধে মিথ্যা মামলা বা অযথা হয়রানি থাকবে না।’
এ বিষয়ে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, ‘আওয়ামী লীগের কিছু নেতা স্বেচ্ছায় বিএনপির প্রার্থীকে সমর্থন জানাতে এসেছেন। এখানে কাউকে পুনর্বাসনের বিষয় নেই।’
আই.এ/সকালবেলা