নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

নারীদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে দুর্দান্তভাবে শিরোপা লড়াইয়ে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় দলটি। মামনি চাকমার কর্নার থেকে প্রতিমা মুন্দার হেডে জালে যায় বল। ৩৪ মিনিটে কোচ পিটার বাটলার দুটি পরিবর্তন আনেন—শান্তি মার্দি ও আলপি আক্তার মাঠে নামেন। এর পর আক্রমণে গতি পায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের বাইরে ফ্রি কিক থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় আলপি।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। এরপর ৮২ মিনিটে ক্রানুসিং মারমার ক্রস থেকে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি।

রাউন্ড রবিন লিগে তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শনিবার এই দুই দল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন