পিরোজপুরে শুক্রবার আসছেন ডা. শফিকুর রহমান: বিশাল জনসভার প্রস্তুতি

পিরোজপুরে শুক্রবার আসছেন ডা. শফিকুর রহমান: বিশাল জনসভার প্রস্তুতি

পিরোজপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পিরোজপুর সফর উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াত। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সম্মেলনে আমীরের সফরের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। জেলা আমীর অধ্যক্ষ ফরিদ আশা প্রকাশ করেন, এই জনসভায় পিরোজপুরের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।

আমীরে জামায়াতের সঙ্গে জনসভায় উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির সদস্য সচিব মনিরা শারমিন, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এবং লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে জেলার তিনটি আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রার্থীরা হলেন—পিরোজপুর-১ আসনে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সন্তান মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ আসনে এনসিপি’র ড. শামীম হামিদী। লিখিত বক্তব্যে বলা হয়, এই প্রার্থীরা নির্বাচিত হলে পিরোজপুরকে জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন।

বক্তব্যের শুরুতে ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। জেলা জামায়াত নেতৃবৃন্দ বলেন, বিগত দিনের দুঃশাসন কাটিয়ে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে নতুন স্বপ্ন মানুষ দেখছে, আমীরের এই সফর সেই আন্দোলনে নতুন প্রেরণা জোগাবে।

সংবাদ সম্মেলনে পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-৩ আসনের প্রার্থী ড. শামীম হামিদী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমীর ইসাহাক আলী খান এবং খেলাফত মজলিসের জেলা সভাপতি নাসির উদ্দিন ওসমানীসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন