সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের গণসংযোগ

সিরাজগঞ্জ-১ আসনে ধানের শীষের গণসংযোগ

জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সেলিম রেজার পক্ষে ব্যাপক গণসংযোগ ও জনসংযোগ শুরু করেছে বিএনপি। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী কাজিপুর ও সদরের বিভিন্ন হাট-বাজার ও গ্রামে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে এই গণসংযোগ কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তুলে ধরেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। মির্জা মোস্তফা জামান বলেন, “জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য। সিরাজগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ”।

ধানের শীষের প্রার্থী মো. সেলিম রেজা তাঁর বক্তব্যে বলেন, “নির্বাচিত হলে আমি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান উন্নয়নে কাজ করব। বিশেষ করে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বেকারত্ব দূরীকরণ হবে আমার অগ্রাধিকার”। তিনি জনগণের প্রতিনিধি হিসেবে তাদের কণ্ঠ সংসদে তুলে ধরার অঙ্গীকার করেন।

গণসংযোগে জেলা বিএনপির সহ-সভাপতি ডা. এম এ লতিফ, উপদেষ্টা শফিউল আলম ডলার, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টুসহ জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন