সেঞ্চুরি করল জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’

সেঞ্চুরি করল জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’
আরটিভিতে প্রচারিত জনপ্রিয় তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’ সেঞ্চুরি পূর্ণ করেছে। ২৫০ পর্বের এই ধারাবাহিকটির ১০০তম পর্ব প্রচার হয়েছে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। ধারাবাহিকটি বর্তমানে সোম থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হচ্ছে।

গত বছরের ১ আগস্ট থেকে প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায় ‘মোস্তফা’। বিশেষ করে ১০০ পর্ব প্রচারের পর দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে।

ধারাবাহিকটির মূল চরিত্র মোস্তফা কারায়েল, একজন নীতিবান পুলিশ কর্মকর্তা। তার জীবনের কেন্দ্রবিন্দু তার একমাত্র ছেলে—বাবা ও ছেলের আবেগঘন সম্পর্কই গল্পের অন্যতম শক্ত দিক। রোমান্টিক থ্রিলার ঘরানার এই ধারাবাহিকটিতে একপর্যায়ে চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হন মোস্তফা। মিথ্যা অভিযোগে তাকে বরখাস্ত করা হয় এবং এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই সময় তার ছেলের দায়িত্ব নেন তার শ্বশুর।

এদিকে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের সঙ্গে মোস্তফার পরিচয় ও ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গল্পে নাটকীয় মোড় আসে, যখন মোস্তফা জানতে পারে—আইসেগুল শহরের সবচেয়ে বড় গডফাদার বাহরির মেয়ে।

ধারাবাহিকটিতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলারসহ আরও অনেকে। পুরস্কারপ্রাপ্ত এই ধারাবাহিকটির আইএমডিবি রেটিং ৮.২/১০।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন