বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়: মির্জা আব্বাস

বাংলাদেশে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ নয়: মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে কেউ ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগরিষ্ঠ’ নন; আমরা সবাই সমান অধিকারসম্পন্ন বাংলাদেশি নাগরিক। তিনি বলেন, ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহার করে কোনো সম্প্রদায়কে আলাদা করে দেখা বা ছোট করা মোটেও ঠিক নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথিড্রালে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার সমান এবং কেউ কারও ‘ভোটব্যাংক’ নয়। ইসলাম ধর্মের মূল শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, যার যার ধর্ম তার তার কাছে—এই নীতির ভিত্তিতেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মাত্র ২১ দিনের নির্বাচনি প্রচারণা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা। সময় স্বল্পতার কারণে বিশাল এই আসনে প্রচারণা চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি। এটি তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতেই বাংলাদেশে সবাই মিলেমিশে বসবাস করছে। মাঝেমধ্যে কিছু কুচক্রী মহল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলেও তা সম্মিলিতভাবেই প্রতিহত করা হয়। এ সময় তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের প্রশংসা করেন।

মতবিনিময় সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের স্থানীয় নেতারা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মির্জা আব্বাস কাকরাইল এলাকায় গণসংযোগে অংশ নেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন