নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আবু ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে জুনায়েদ সাকী (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জুনায়েদ সাকী জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মরত ছিলেন এবং তিনি পিরোজপুর জেলার বাসিন্দা।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জুনায়েদ সাকী ঢাকা থেকে ট্রেনযোগে সান্তাহার রেলওয়ে জংশনে নামেন। সেখান থেকে নওগাঁর মহাদেবপুরে তাঁর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি হলুদ রঙের পিকআপ ভোর সাড়ে ৫টার দিকে তাঁর ক্ষতবিক্ষত দেহটি হাসপাতালের সামনে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। হাসপাতালের কর্মচারীরা তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ জানান, সান্তাহার থেকে নওগাঁ আসার পথে কোনো সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশটি হাসপাতালের সামনে ফেলে রেখে যাওয়ার বিষয়টি রহস্যজনক। ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের আলামত পাওয়া গেলেও বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

মন্তব্য করুন