ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকায় অবস্থিত ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান আলহাজ জুটমিলটি এখন সংঘবদ্ধ চোরচক্র ও ভাঙ্গারি সিন্ডিকেটের নিরাপদ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দীর্ঘদিন মিলটি বন্ধ থাকার সুযোগে পরিকল্পিতভাবে এখান থেকে লুট করা হচ্ছে কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রাংশ।
স্থানীয়দের অভিযোগ, এটি কোনো সাধারণ চুরি নয়; বরং কারিগরি জ্ঞানসম্পন্ন একটি সংঘবদ্ধ চক্রের সুপরিকল্পিত অপারেশন। মিলের ভেতর থেকে ভারী মেশিনের শ্যাফট, রোলার, গিয়ার বক্স, মোটর, বৈদ্যুতিক কন্ট্রোল ইউনিট এবং বিপুল পরিমাণ কপার তার ও লোহার সরঞ্জাম ধাপে ধাপে খুলে নেওয়া হচ্ছে। শত শত কেজি ওজনের এসব ভারী যন্ত্রপাতি দিনের আলো ও রাতের আঁধারে ট্রাক এবং ভটভটি বোঝাই করে পাচার করা হচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব চোরাই যন্ত্রাংশ কোনো লুকোচুরি ছাড়াই স্থানীয় কিছু ভাঙ্গারি দোকানে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। অভিযোগ রয়েছে, এই চুরির পেছনে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় একটি শক্তিশালী ভাঙ্গারি সিন্ডিকেট কাজ করছে। এই অবৈধ ব্যবসার মাধ্যমে অনেক ভাঙ্গারি ব্যবসায়ী অল্প সময়ের ব্যবধানে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
মিলের মূল্যবান যন্ত্রপাতি এভাবে লুট হতে থাকায় প্রতিষ্ঠানটি পুনরায় চালুর সম্ভাবনা প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। এর ফলে সরিষাবাড়ীবাসীর কর্মসংস্থানের স্বপ্ন এখন বড় ধরনের হুমকির মুখে। এত বড় লুটতরাজ চললেও দৃশ্যমান কোনো আইনি পদক্ষেপ বা তদন্ত না থাকায় স্থানীয় সচেতন মহল ও শ্রমিক সংগঠনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সচেতন নাগরিক সমাজ ও সুশীল সমাজের নেতারা অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, মিল এলাকায় স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জড়িত চোরচক্র ও অসাধু ভাঙ্গারি ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ