চুয়াডাঙ্গায় সড়ক সংস্কারের পিচবাহী গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গায় সড়ক সংস্কারের পিচবাহী গাড়িচাপায় প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে সুজন আলী (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন আলী বারাদী গ্রামের রকিবুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারাদী এলাকায় সড়কের সংস্কার কাজ চলছিল। দুপুর ১২টার দিকে শিশু সুজন রাস্তা পার হওয়ার সময় পিচ বহনকারী একটি ভারী যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, সড়কে সংস্কার কাজ চলাকালীন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং যানবাহন চলাচলে সংশ্লিষ্টদের অবহেলার কারণেই এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. চঞ্চল জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে যান। সড়কের উন্নয়ন কাজের সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে বলে তিনি প্রাথমিকভাবে জানতে পেরেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন