দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কিশোরগঞ্জে বিএনপির ২৯ নেতা বহিষ্কৃত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: কিশোরগঞ্জে বিএনপির ২৯ নেতা বহিষ্কৃত

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপিতে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ২৯ জন নেতাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজলুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—সদর উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মো. শুক্কুর আলী খান ও রোকন ভূঁইয়া, বিনাটী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নাজমুল হক ভূঁইয়া সতু ও আনোয়ার হোসেন, মহিনন্দ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন নূরু, লতিবাবাদ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শামসুল হুদা এবং দানাপাটুলি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম। এছাড়াও তালিকায় করশাকরিয়াল ও বৌলাই ইউনিয়নসহ বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সদস্যের নাম রয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজী ইসরাইল মিঞা আজ এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্তব্য করুন